২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে ইতিহাস গড়েছেন মেক্সিকোর ফরোয়ার্ড হুলিয়ান কুইনোনেস। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতের উদ্বোধনী ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র ১০ মিনিটেই জালের দেখা পান তিনি।
কলম্বিয়ায় জন্ম নেয়া ২৯ বর্ষী মেক্সিকান এ উইঙ্গার বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-কাদসিয়াহর হয়ে খেলেন। এক দশকেরও বেশি সময় আগে মেক্সিকোর ক্লাব টাইগ্রেস ইউএএনএলে যোগ দেয়ার মাধ্য দিয়ে নিজের ফুটবল ক্যারিয়ার শুরু করেন। পরে ভেনাদোস, লোবোস বিইউএপি ও অ্যাটলাস এফসি খেলেন। অ্যাটলাসের হয়ে ৫৫ ম্যাচে ২৭ গোল করে নজর কাড়ার পর তিনি যোগ দেন মেক্সিকোর অন্যতম সফল দল ক্লাব আমেরিকাতে।
ক্লাব আমেরিকার জার্সিতে ৫১ ম্যাচে ১৮ গোলের পর প্রায় ২২.৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে সৌদি ক্লাব আল-কাদসিয়াহতে নাম লেখান কুইনোনেস। সেখানে নিজের প্রথম মৌসুমেই ২৮ ম্যাচে ২০ গোল ও ৫ অ্যাসিস্ট করেন।
চলতি মৌসুমে তার পারফরম্যান্স ছিল আরও দুর্দান্ত। ৩১ ম্যাচে ৩৩ গোল ও ৪ অ্যাসিস্ট করে তিনি সৌদি প্রো লিগে জেতেন গোল্ডেন বুট। এই দৌড়ে পেছনে ফেলেন ইভান টনি ও পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাদের।
মেক্সিকোর জার্সিতে এপর্যন্ত ২৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কুইনোনেস। তবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে করা গোলটি ছিল জাতীয় দলের হয়ে তার তৃতীয় গোল। আর সেই গোল দিয়েই তিনি বিশ্বকাপ ইতিহাসে ২০২৬ আসরের প্রথম গোলদাতা হিসেবে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখলেন।



