
ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগ ওঠেছিল আগেই। নির্ভরযোগ্য সাংবাদিক ডেভিড অর্নস্টেইনের দাবি, ক্লাবটির বিরুদ্ধে আনা ১১৫টি অভিযোগের প্রায় সবকটিতেই দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে কী ধরনের শাস্তি দেওয়া হবে, সে সিদ্ধান্ত এখনো হয়নি।
দীর্ঘদিন ধরে চলা এই আইনি প্রক্রিয়ার শুরু ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। ওই সময় ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আর্থিক বিধি ভঙ্গের ১১৫টি অভিযোগ আনা হয়। তিন বছরের বেশি সময় পর এসে স্বাধীন কমিশনের রায়ে বিষয়টির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো।
অর্নস্টেইনের প্রতিবেদন অনুযায়ী, ১১৫ অভিযোগের মধ্যে প্রায় সবকটি অভিযোগেই সিটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। স্বাধীন কমিশনের দেওয়া রায়ের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটি আপিল করবে বলে ধারণা করা হচ্ছে। তবে শাস্তির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি এবং প্রক্রিয়া চলমান।
এই মামলার দীর্ঘসূত্রতা নিয়ে আগে থেকেই ক্ষোভ ছিল প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবের মধ্যে। বিশেষ করে এভারটন ও নটিংহাম ফরেস্ট তুলনামূলক কম মাত্রার আর্থিক নিয়ম ভঙ্গের ঘটনায় পয়েন্ট হারানোর শাস্তি পাওয়ার পর ম্যানচেস্টার সিটির মামলার সময়কাল নিয়ে প্রশ্ন উঠেছিল।
তবে রায় এলেও এখনই ম্যানচেস্টার সিটির শাস্তি নিশ্চিত হচ্ছে না। কারণ ক্লাবটি রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে। সেই আপিলের প্রক্রিয়া শেষ হওয়ার পরই সম্ভাব্য শাস্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে যেতে পারে।
এদিকে রায়ের পরও নিজেদের অবস্থান পরিবর্তন করেনি ম্যানচেস্টার সিটি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অভিযোগ ঘোষণার পর দেওয়া বিবৃতিতে ক্লাবটি জানিয়েছিল, অভিযোগে তারা বিস্মিত এবং স্বাধীন কমিশনের মাধ্যমে বিষয়টির নিরপেক্ষ পর্যালোচনাকে স্বাগত জানায়।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

