টি-টুয়েন্টি বিশ্বকাপে ইতালিকে ৪২ রানে হারিয়ে গ্রুপপর্বে সব ম্যাচে অপরাজিত থাকল ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপচ্যাম্পিয়ন উইন্ডিজ আগে ব্যাটে নেমে ধীরগতিতে শুরু করে। শেষে শাই হোপের ঝড় চলে আজ্জুরি বোলারদের উপর। বলে পরে শামার জোসেফ এবং ম্যাথিউ ফোর্ডের সামনে দাঁড়াতে পারেনি প্রথমবার বিশ্বকাপে আসা ইতালি।
কলকাতার ইডেন গার্ডেনসে টসে জিতে উইন্ডিজেকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান হ্যারি মানেনতি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করে ক্যারিবীয়রা। লক্ষ্য তাড়ায় নেমে ১৮ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায় ইতালি।
ব্যাটে নেমে রোস্টন চেজ ২৪, ম্যাথিউ ফোর্ড ১৬ এবং শেরফান রাদারফোর্ড করেন অপরাজিত ২৪ রান। শাই হোপ একাই টেনে নেন, ৬ চার ও ৪ ছক্কায় ৪৬ বলে করেন ৭৫ রান।
ইতালির হয়ে বেন মানেন্তি, ক্রিশান কালুগামাগে ২টি করে এবং আলী হাসান, টমাস ড্রাকা ১টি করে উইকেট নেন।
জবাবে ওপেনার অ্যান্টনি মোস্কা করেন ১৯ রান। জেজে স্মুটস ২৪, মানেন্তি ২৬, গ্রান্ট স্টিওয়ার্ট ১২ রান করেন, আর কোন ব্যাটার দুঅঙ্কের রানে পৌঁছাতে পারেননি ইতালির।
উইন্ডিজের জোসেফ ৪ ওভারে ৩০ রান খরচায় নেন ৪ উইকেট, ফোর্ড ৪ ওভারে ১৯ রান খরচায় নেন ৩ উইকেট। গুডাকেশ মোতি ২টি এবং আকিল হোসেন ১টি উইকেট নেন।




