হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, মোট মৃত্যু ১,০৬৩

হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জন মারা গেছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৯৬২ জন। আর নিশ্চিত হামে মৃত্যু ১০১ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৬৩। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘটেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত এই পরিসংখ্যানে বয়সভিত্তিক তথ্য পাওয়া যায় না। রোগতত্ত্ববিদরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরাই এতে বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হচ্ছে, তার সবই হামে মৃত্যু বলে বিবেচনা করা হয়।

Scroll to Top