হাদি হত্যা: ভারতে গ্রেপ্তার আসামিদের কনস্যুলার অ্যাক্সেস এখনো পায়নি বাংলাদেশ – DesheBideshe

হাদি হত্যা: ভারতে গ্রেপ্তার আসামিদের কনস্যুলার অ্যাক্সেস এখনো পায়নি বাংলাদেশ – DesheBideshe

হাদি হত্যা: ভারতে গ্রেপ্তার আসামিদের কনস্যুলার অ্যাক্সেস এখনো পায়নি বাংলাদেশ – DesheBideshe

ঢাকা, ১৬ মার্চ – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে গ্রেপ্তার হওয়া প্রধান দুই সন্দেহভাজন আসামির সঙ্গে সাক্ষাতের জন্য কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে বাংলাদেশ। একইসঙ্গে হাদি হত্যা মামলার ওই দুই আসামিকে অবৈধভাবে সীমান্ত পার করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ফিলিপ সাংমার জন্যও সাক্ষাতের আবেদন করা হয়েছে। তবে এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কনস্যুলার অ্যাক্সেস পাওয়া যায়নি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন পুরো বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

তিনি বলেন কলকাতার পাশাপাশি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কনস্যুলার অ্যাক্সেস পেতে এবং তাদের দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের চেষ্টা চালাচ্ছে। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও দায়িত্ব রয়েছে এবং তারা তাদের কাজ করছে।

তিনি আরও জানান কনস্যুলার অ্যাক্সেস পাওয়ার পর এবং নিজস্ব তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে। সরকার আশা করছে ভারত এই বিষয়ে পূর্ণ সহযোগিতা করবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচসহ নয়টি মানবাধিকার সংগঠন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব বিলুপ্ত করার দাবি জানিয়ে চিঠি দিয়েছে। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান এখনো তিনি প্রতিবেদনটি পড়ে দেখেননি। তবে তিনি উল্লেখ করেন গত ১৭ বছরে মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনা তারা দেখেছেন। যে র‍্যাবকে মানুষের সুরক্ষা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তৈরি করা হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার তাকে জনগণের বিরুদ্ধে ও মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার করেছে।

তিনি বলেন বিএনপি একটি মানবিক সরকার গঠন করেছে এবং দেশে মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। র‍্যাব বিলুপ্তির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করলে আরও সঠিক উত্তর পাওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।

একই দিন বিকেলে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক সেরে শারলে। ফ্রান্স থেকে এয়ারবাস কেনার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে শামা ওবায়েদ বলেন সব বন্ধু রাষ্ট্রের সঙ্গেই বাণিজ্য বিনিয়োগ এবং পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ প্রথম নীতির ভিত্তিতে সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে।

এর আগে রোববার প্রতিমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন সাক্ষাৎ করেন। রাশিয়া থেকে জ্বালানি আনার বিষয়ে তিনি বলেন বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই। ভবিষ্যৎ পরিকল্পনার জন্য জ্বালানি মন্ত্রণালয় সব দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এছাড়া মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে শামা ওবায়েদ বলেন সেখানে অবস্থানরত যে বাংলাদেশিরা দেশে ফিরতে চাইছেন তাদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে এবং যারা ফিরতে পারছেন না তাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

এনএন/ ১৬ মার্চ ২০২৬



Scroll to Top