
তখন যুক্তরাষ্ট্র থেকে ফিরেই এই অপ্রত্যাশিত উপহার পেয়ে মুহূর্তেই কৌতূহলী হয়ে উঠেছিলেন ইসরাত পায়েল! চ্যানেল আই অনলাইনকে বলেছিলেন, কোনোভাবেই তিনি বুঝে উঠতে পারছেন না কোন ব্যক্তি তাকে হাজারো গোলাপের ডালি দিয়েছে!
এ কারণে নিজেই ফেসবুকে ফুলগুলোর সঙ্গে ছবি তুলে লিখেছিলেন,“আমার বাসায় কে এই ফুল পাঠিয়েছে, আমি জানি না! কিন্তু যেই পাঠাক, আমি তাকে বিয়ে করবো। যে ১০০০ গোলাপ উপহার দিতে পারে, তার কলিজা আর চিন্তা দুটোই বিশাল। সে সাধারণ কেউ না, মনে হয় রাজা-বাদশাই হবে!”
পায়েলের ওই ছবি ও পোস্টটি লাইক, শেয়ার, কমেন্টসে রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে! অনেকে ভেবেছেন আলোচনা তৈরির জন্য পায়েল বিষয়টি প্রকাশ্যে এনেছেন। পায়েল বলেছিলেন, সত্যি সত্যি এমনটাই ঘটেছে। যুক্তরাষ্ট্র থেকে বাসায় এসে দেখি এই অবস্থা। গুনে দেখেছি ১ হাজার গোলাপ। কে পাঠিয়েছে নাম, ঠিকানা, ফোন নাম্বার লেখা নেই। শুধু ফুল আছে।
পায়েল বলেন, রাগ অভিমানও কারো উপর তেমন নেই। আমি সিঙ্গেল। আসলে আমি ব্যবসায়িক কাজে এতো ব্যস্ত থাকি এসবের সময় পাই না। এত ফুল একসঙ্গে কখনও কেউ আমাকে উপহার দেয়নি। যেই পাঠাক সে নিশ্চয়ই ভালোবেসে দিয়েছে। তাকে খুঁজে পেলে সত্যিই বিয়ে করবো।
সেই ঘটনার আট মাসের মাথায় ১ হাজার গোলাপ পাঠানো সেই ব্যক্তিকেই বিয়ে করেছেন এক সময়ের ব্যস্ততম উপস্থাপক ইসরাত পায়েল। বর্তমানে তিনি ‘প্রাইম সেলুন’ নামে একটি গ্রুমিং ও স্টাইলিং সেবাদানকারী ব্যবসায় জড়িত। ঢাকা, খুলনা, টাঙাইলে একাধিক শাখা রয়েছে।
লন্ডন থেকে রবিবার সন্ধ্যায় ইসরাত পায়েল চ্যানেল আই অনলাইনকে বলেন, ফুল পাঠানো এই ব্যক্তিই সেই ব্যক্তি, তাকে বিয়ে করেছি। ওই ঘটনার একমাস পর জানতে পারি তিনি ফুল দিয়েছিলেন। তবে লাভ ম্যারেজ নয়, আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছে।
পায়েল বলেন, দুজনেই সিঙ্গেল ছিলাম। দুই পরিবারের সিদ্ধান্তে বিয়ে হয়েছে। আমাদের বিয়ের দেনমোহর ১০১ টাকা রাখা হয়েছে।
এদিকে, শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সুখবরটি জানান ইসরাত পায়েল। তার স্বামী আল-আমিন চৌধুরী পেশায় একজন ব্যবসায়ী। যুক্তরাজ্যে তার একাধিক ব্যবসা রয়েছে বলেও জানা গেছে।
বিয়ের ছবি প্রকাশ করে পায়েল লেখেন, “আলহামদুলিল্লাহ, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সঙ্গে আমার বিয়ে হয়েছে। এখনকার সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকতে পারি।”
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…