বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে করা ব্রাজিল এবার ঘুরে দাঁড়াতে মরিয়া। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ফিলাডেলফিয়ার মাঠে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। বাঁচা-মরার এই ম্যাচের আগে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
দলের অনুশীলন শেষে পুরো সপ্তাহজুড়ে খেলোয়াড়দের সঙ্গে আলাদা বৈঠকে নিজের পরিকল্পনা তুলে ধরেছেন আনচেলত্তি। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মাঝমাঠের একটি পজিশন নিয়ে। সেখানে শুরু থেকে সুযোগ পাবেন কি না লুকাস পাকুয়েতা, নাকি তার জায়গায় দেখা যাবে দানিলো সান্তোসকে- সেটি এখনও স্পষ্ট নয়।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে পাকুয়েতা প্রসঙ্গে আনচেলত্তি বলেন, তিনি এখনই কিছু নিশ্চিত করতে চান না। কোচের মতে, পাকুয়েতার খেলা পরিচালনার সক্ষমতা ও সৃজনশীলতা দলের জন্য গুরুত্বপূর্ণ। আগের ম্যাচের প্রথমার্ধে তার পারফরম্যান্স প্রত্যাশা পূরণ না করলেও তাকে আরও সুযোগ দেয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। একই সঙ্গে আনচেলত্তি উল্লেখ করেন, শুধু পাকুয়েতা নন, পুরো দলই প্রথমার্ধে নিজেদের সেরা ছন্দে ছিল না।
কৌশলগত দিক থেকেও কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগের ম্যাচে ব্রাজিল বেশিরভাগ সময় ৪-২-৪ ফরমেশনে খেললেও এবার ৪-৩-৩ ছকে নামতে পারে দলটি। এই ফরমেশন ব্যবহার করলে মাঝমাঠে নিয়ন্ত্রণ ও ভারসাম্য আরও বাড়বে বলে মনে করছেন কোচিং স্টাফ।
এমন হলে বাঁ প্রান্তে ভিনিসিয়াস জুনিয়র আরও স্বাধীনভাবে আক্রমণে অংশ নিতে পারবেন, আর ডানদিকে নিজের স্বাভাবিক ভূমিকায় খেলবেন রাফিনহা। আক্রমণের কেন্দ্রীয় ভূমিকায় দেখা যেতে পারে কুনহাকে, যিনি গোল করার পাশাপাশি আক্রমণ সাজানোর দায়িত্বও পালন করবেন।
সব মিলিয়ে হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে নতুন চেহারা দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত নিজের পরিকল্পনা গোপন রেখেই প্রতিপক্ষকে চমকে দিতে চাইছেন আনচেলত্তি।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন, দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহেয়েস, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গুইমারায়েস , লুকাস পাকুয়েতা, রাফিনহা, ম্যাথিয়াস কুনহা ও ভিনিসিয়াস জুনিয়র।



