যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপে গ্রীষ্মের তাপ থেকে রক্ষা পেতে নতুন নিয়ম হাইড্রেশন বিরতি চালু করেছে ফিফা। নিয়মের সমালোচনা হচ্ছে। যোগ দিলেন উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসাও। বলেছেন, এই ব্রেকে লাভের চেয়ে ক্ষতি বেশি।
কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে বিয়েলসা বলেছেন, ‘নতুন নিয়মের ফলে প্রচুর গোল হচ্ছে- তা হোক। সাধারণত দুটি ভাগে খেলার পরিবর্তে চারটি ভাগে খেলার বিষয়টি ফুটবলকে কীভাবে দেখা বা বোঝা উচিত। এটি সেই প্রথাগত ধারণাকেই বদলে দিচ্ছে।’
‘আমার মতে এটি কোন বাড়তি সুবিধা তো দেয়ই না, বরং অনেককিছুই কেড়ে নেয়। যখন ম্যাচকে চারটি পর্যায়ে ভাগ করা হয়েছিল, তখন ফুটবলের মতো আকর্ষণীয় খেলার উপর কেমন প্রভাব পড়তে পারে সে বিষয়ে চিন্তা করা হয়নি। মনোযোগ দেয়া হয়েছিল অন্য সব ফলের দিকে, যা নিয়ে এখানে কোন আলোচনা বা বিশ্লেষণ করছি না।’
আসর চলাকালীন তীব্র গরমের আশঙ্কার প্রেক্ষিতে খেলোয়াড়দের সুরক্ষার কথা বিবেচনা করে ফিফা তিন মিনিটের বিরতির ব্যবস্থা চালু করে। তবে এটি যুক্তরাষ্ট্রের জাতীয় দলের প্রধান কোচ মৌরিসিও পচেত্তিনোর মতো ব্যক্তিদেরও সমালোচনার মুখে পড়েছে।
বিয়েলসা আরও বলেছেন, ‘বলতে চাইছি এই সিদ্ধান্তের আগে ফুটবলের যে বৈশিষ্ট্য ছিল এখন তা বদলে গেছে। মানুষ এই খেলার প্রেমে পড়ে মূলত এর বৈশিষ্ট্যের কারণেই। ভিএআরের মতো বড় সাফল্যও রয়েছে যা খেলাটি মান উন্নত করেছে। কিন্তু এটির ফলাফল ইতিবাচক নয়। এগুলো কেবল আমার ব্যক্তিগত মতামত নয়, বরং একটি সাধারণ দৃষ্টিভঙ্গি।’



