হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কারে হামলা, আহত ১০ ক্রুকে উদ্ধার করল ওমান – DesheBideshe

হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কারে হামলা, আহত ১০ ক্রুকে উদ্ধার করল ওমান – DesheBideshe


হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কারে হামলা, আহত ১০ ক্রুকে উদ্ধার করল ওমান – DesheBideshe
হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কারে হামলা

মাস্কাট, ০৭ অক্টোবর-কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ফের একটি তেল ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর পানামার পতাকাবাহী ‘অন পিস’ নামের ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। পরে জাহাজটি থেকে আহত ১০ জন ক্রু সদস্যকে উদ্ধার করে ওমানের বিমানবাহিনী।

ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দেশটির বন্দরনগরী লিমাহ থেকে প্রায় ৯ নটিক্যাল মাইল বা ১৭ কিলোমিটার দূরে ট্যাঙ্কারটি হামলার শিকার হয়। উদ্ধার করা ক্রু সদস্যদের মুসান্দাম গভর্নরেটের খাসাব হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। তবে হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালী অতিক্রমের সময় জাহাজটি আক্রান্ত হলে ১৯ জন ক্রুর মধ্যে অন্তত ১২ জন আহত হন। ক্রুদের ১৭ জনই ভারতীয় নাগরিক। আহতদের মধ্যে ১১ জন ভারতীয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনায় ভারত গভীরভাবে উদ্বিগ্ন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে এ ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বানও জানিয়েছে দেশটি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীর নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যেই নতুন করে এই হামলার ঘটনা ঘটল।

বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজে নাবিক সরবরাহের ক্ষেত্রে ভারত অন্যতম প্রধান দেশ। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১০ জন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এর আগে গত সেপ্টেম্বরে হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হন।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। দেশটি নির্ধারিত রুট অনুসরণ না করা বাণিজ্যিক জাহাজগুলোতে নিয়মিত হামলা চালাচ্ছে। একই সঙ্গে জলপথটি ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে মাশুল বা টোল আদায়েরও ঘোষণা দিয়েছে।

এস এম/ ০৭ অক্টোবর ২০২৬

 

Scroll to Top