হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে প্রায় ১৯ কোটি টাকা টোল নেবে ইরান | চ্যানেল আই অনলাইন

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে প্রায় ১৯ কোটি টাকা টোল নেবে ইরান | চ্যানেল আই অনলাইন

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য কিছু জাহাজের ওপর ২০ লাখ ডলার (প্রায় ১৮ কোটি ৮০ লাখ টাকা) টোল আরোপ করেছে ইরান। ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আলাউদ্দিন বোরুজেরদি।

তিনি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন, “প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ২০ লাখ ডলার ট্রানজিট ফি আদায় করা ইরানের শক্তির প্রতিফলন।” তার মতে, চলমান যুদ্ধের খরচ মেটাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটি ইরানের সার্বভৌম ক্ষমতার প্রকাশ।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালানো হতে পারে।

এর জবাবে ইরানও পাল্টা হুমকি দিয়েছে। বোরুজেরদি বলেন, ইসরায়েলের জ্বালানি অবকাঠামো ইরানের নাগালের মধ্যে রয়েছে এবং প্রয়োজনে এক দিনের মধ্যেই তা ধ্বংস করা সম্ভব।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জানিয়েছেন, হরমুজ প্রণালী সব দেশের জন্য উন্মুক্ত থাকবে, তবে যারা ইরানের বিরুদ্ধে অবস্থান নেবে তাদের জন্য নয়।

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে ইরান সতর্ক করেছে, প্রয়োজনে প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া হতে পারে। ইতোমধ্যে প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ এই প্রণালী দিয়ে হয়। ফলে এ পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

Scroll to Top