বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সব ধরনের ‘অপকর্ম’ বা ‘শত্রুতামূলক কার্যক্রম’ বন্ধ না হওয়া পর্যন্ত এই কৌশলগত নৌপথ পুরোপুরি অবরুদ্ধ রাখা হবে।
আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসির এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক হামলার তীব্র সমালোচনা করা হয়। তাদের দাবি, যুদ্ধক্ষেত্রে নিজেদের ব্যর্থতা ও দুর্বলতা আড়াল করতেই ওয়াশিংটন নতুন অজুহাত তৈরি করছে।
বিবৃতিতে আরও বলা হয়, বেআইনি বা আইন অমান্যকারী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। তেহরানের ভাষ্য, এসব হামলার পক্ষে যে যুক্তি উপস্থাপন করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আইআরজিসির দাবি, হরমুজ প্রণালিতে ইরানের আরোপিত কঠোর নৌ অবরোধ অমান্য করে কোনো বাণিজ্যিক জাহাজ চলাচলের সাহস দেখায়নি। এমনকি যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের সামরিক সহায়তা নিয়েও কোনো জাহাজ এ নৌপথ অতিক্রমের চেষ্টা করেনি।
সংস্থাটি আরও বলেছে, যেহেতু কেউ এই অবরোধ ভাঙার উদ্যোগ নেয়নি, তাই সেখানে কোনো জাহাজ বা অন্য কোনো লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনও পড়েনি।




