হবু স্বামী নয়, মিমিকে ভালোবাসার চাদরে আগলে রাখেন কে?

তারকাদের জীবন মানেই ঝলমলে আলো, ক্যামেরার ঝলকানি আর ব্যস্ততার এক আলাদা জগৎ। তবে পর্দার বাইরেও থাকে তাদের ব্যক্তিগত জীবনের নানা গল্প।

মিমি

বিশেষ করে প্রিয় তারকার ব্যক্তিগত সম্পর্ক ও জীবনযাপন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এবার তেমনই এক ঘটনায় আলোচনায় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী।

‘দুষ্টু কোকিল’খ্যাত এই অভিনেত্রীকে ঘিরে সম্প্রতি বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। টলিপাড়ার কানাঘুষা, চলতি মাসেই কথিত প্রেমিক সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারতে পারেন তিনি।

এরপর আগামী ডিসেম্বরে সামাজিক আনুষ্ঠানিকতায় বাঁধতে পারেন সাত পাকে। যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে মিমির একটি ভিডিও। সেখানে মা-বাবা কিংবা কথিত হবু স্বামীর বাইরে এমন একজন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন অভিনেত্রী, যিনি দীর্ঘ ১৫ বছর ধরে নিঃস্বার্থভাবে তার পাশে রয়েছেন। তিনি মিমির বাড়ির পরিচারিকা বুল্টি।

শুধু কাজের মানুষ নন, মিমির জীবনে বুল্টি যেন পরিবারেরই একজন। অভিনেত্রীর সুখ-দুঃখ, অসুস্থতা কিংবা কঠিন সময়ে ছায়ার মতো পাশে থেকেছেন তিনি। দীর্ঘদিনের এই সম্পর্কের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতেই সম্প্রতি এক অনুষ্ঠানে বুল্টিকে নিয়ে আবেগঘন কথা বলেন মিমি।

অনুষ্ঠানে বুল্টিকে বুকে জড়িয়ে অভিনেত্রী বলেন, ‘পনেরো বছর ধরে ও আমার সঙ্গে আছে। আমি হাসপাতালে থাকলেও ও আমার পাশে থাকে। আমার দুঃখ-কষ্ট, আমার মা-বাবার থেকে মনে হয় এই বাচ্চাটা বেশি বোঝে।’

এ সময় বুল্টির পরিবারের সদস্যদের কথাও তুলে ধরেন মিমি। অভিনেত্রী জানান, সেদিন বুল্টির ভাই অনুষ্ঠানে এসেছেন। তিনি মিমির সঙ্গে ছবি তোলার আবদার করেছেন। তাই বুল্টির ভাইয়ের সঙ্গে ছবি তুলছেন তিনি। এরপর নিজের ভাইদের সঙ্গেও ছবি তোলার কথা বলেন মিমি।

মিমির এই বক্তব্যে স্পষ্ট, দীর্ঘ দেড় দশকের পথচলায় বুল্টি কেবল তার বাড়ির একজন কর্মী হয়ে থাকেননি, বরং হয়ে উঠেছেন নির্ভরতা ও ভালোবাসার অন্যতম আশ্রয়। আর সম্পর্কের এই স্বীকৃতি ও সম্মান প্রদর্শনই মুগ্ধ করেছে ভক্তদের।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মিমির এমন মানবিক আচরণের প্রশংসা করছেন। তাদের মতে, মানুষের পরিচয় শুধু তার অবস্থান বা পেশায় নয়, বরং সম্পর্কের প্রতি ভালোবাসা ও সম্মান দেখানোর মধ্যেই তার প্রকৃত পরিচয় ফুটে ওঠে।

Scroll to Top