দুপুর ১২টা ২০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ। এ সময় তিনি শিক্ষার্থীদের বেলা দুইটা পর্যন্ত অপেক্ষা করতে বলেন। কিন্তু শিক্ষার্থীরা তাঁর কথা না শুনে অবরোধ করতে থাকেন।
এ সময় শিক্ষার্থীরা ‘১২ ঘণ্টা পার হলো, পুলিশ পুলিশ কী করব’, ‘ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’, ‘তুমি কে আমি কে, সুমাইয়া, সুমাইয়া’, ‘আমার বোন কবরে, খুনি কেন বাইরে’, ‘বিচার চাই, বিচার চাই, সুমাইয়া হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী ফারুক আল নাহিয়ান বলেন, গতকালও তাঁরা একই দাবিতে এখানে বিক্ষোভ করেছেন। তাঁরা পুলিশ প্রশাসনকে ১২ ঘণ্টা সময় দিয়েছিলেন। পুলিশ হত্যাকারীকে গ্রেপ্তারের কথা বলছে। বেলা দুইটায় প্রেস কনফারেন্স হবে বলা হচ্ছে। আবার বলা হচ্ছে, হবে না। সব মিলিয়ে একধরনের গড়িমসি চলছে। তাঁরা চান, পুলিশ সবকিছু আয়নার মতো পরিষ্কার করুক। খুনি গ্রেপ্তার ও হত্যার রহস্য উন্মোচন না হওয়া পর্যন্ত তাঁরা এখান থেকে সরবেন না।



