
ঢাকা, ২৫ মার্চ – প্রতি বছরের মতো এবারও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ টি-টোয়েন্টি প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ইন্ডিপেনডেন্স ডে এক্সিবিশন ক্রিকেট ম্যাচ ২০২৬’ শীর্ষক এই আয়োজনে মুখোমুখি হবে বিসিবির লাল দল ও সবুজ দল। আগামীকাল ২৬ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই ম্যাচকে কেন্দ্র করে ইতোমধ্যে দুই দলের স্কোয়াড ঘোষণা করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
তবে এবারের খেলায় অংশ নিচ্ছেন না বেশ কয়েকজন সাবেক তারকা ক্রিকেটার। তাদের মধ্যে হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদিন নান্নু এবং আকরাম খান অন্যতম। বিসিবি সবুজ দলের হয়ে মাঠে নামবেন শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, নাদিফ চৌধুরী, ফয়সাল হোসেন ডিকেন্স, তুষার ইমরান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ সেলিম, তালহা জুবায়ের, আনোয়ার হোসেন মনির, আব্দুর রাজ্জাক, হাসিবুল হোসেন শান্ত, জামাল উদ্দিন বাবু এবং হাসানুজ্জামান ঝরু।
অন্যদিকে বিসিবি লাল দলের স্কোয়াডে রয়েছেন জাহাঙ্গীর আলম, মেহরাব হোসেন অপি, মোহাম্মদ আশরাফুল, নাসির উদ্দিন ফারুক, মোহাম্মদ রফিক, মোহাম্মদ এহসানুল হক, খালেদ মাহমুদ পাইলট, উইকেটকিপার আনোয়ার হোসেন, তারেক আজিজ খান, মাহবুবুল আলম রবিন, ডলার মাহমুদ, ইলিয়াস সানি, মুশফিকুর রহমান বাবু এবং সাজ্জাদ আহমেদ শিপন। সাবেক তারকাদের এই মিলনমেলা ক্রিকেটপ্রেমীদের জন্য একটি বাড়তি উন্মাদনার সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
এস এম/ ২৫ মার্চ ২০২৬





