স্কুলের শাস্তির মুখে পড়ে আত্মহত্যার চেষ্টা স্কুল শিক্ষার্থীর | চ্যানেল আই অনলাইন

স্কুলের শাস্তির মুখে পড়ে আত্মহত্যার চেষ্টা স্কুল শিক্ষার্থীর | চ্যানেল আই অনলাইন

‘স্কুলের শাস্তি’র মুখে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছে ভারতের মধ্যপ্রদেশের রতলম জেলার বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থী জাতীয় পর্যায়ের একজন স্কেটিং খেলোয়াড়।

গত শুক্রবার (৮ নভেম্বর) স্কুলের চারতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই শিক্ষার্থী। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা এখন স্থিতিশীল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

স্কুল সূত্রে খবর অনুযায়ী, বৃহস্পতিবার ক্লাসের ভিডিও মোবাইলে রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় ওই শিক্ষার্থী। নিয়ম অনুযায়ী, শিক্ষার্থী স্কুলে মোবাইল ফোন আনতে পারে না। তাই ওই ভিডিও দেখামাত্রই শিক্ষার্থীর বাবা-মার সঙ্গে যোগাযোগ করে স্কুল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে আলোচনার জন্য তাদের শুক্রবার স্কুলে আসতে বলা হয়।

সিসি ক্যামেরার ফুটেজ দেখা গেছে, ১৩ বছরের ওই শিক্ষার্থী ৪ মিনিট স্কুলের প্রিন্সিপালের ঘরে ছিল। সেই সময়ের মধ্যে অন্তত ৫২ বার ‘সরি’ বলেছে। পরে সে অভিযোগ করেছে, প্রিন্সিপাল তার কেরিয়ার নষ্ট করে দেওয়ার ভয় দেখিয়েছে। এসব শুনে সে চারতলা থেকে লাফ দেয়।

Scroll to Top