সৌদি আরবের পাঠ্যপুস্তকে বড় পরিবর্তন: বাদ পড়ল জেরুজালেম ও ফিলিস্তিন বিষয়ক তথ্য – DesheBideshe



রিয়াদ, ১৮ আগস্ট – সৌদি আরবের শিক্ষা কারিকুলাম ও পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তনের তথ্য পাওয়া গেছে। দেশটির নতুন পাঠ্যবই থেকে মুসলিমরা কখনোই জেরুজালেমের অধিকার ছেড়ে দেবে না শীর্ষক গুরুত্বপূর্ণ বাক্যটি সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলভিত্তিক গবেষণা সংস্থা ইমপ্যাক্ট এসই এর একটি সাম্প্রতিক পর্যালোচনায় এই তথ্যটি উঠে আসে।

সংস্থাটি সৌদি আরবের এই পদক্ষেপকে স্বাগত জানালেও দেশটির শিক্ষা কারিকুলামে এখনও ইসরায়েলকে দখলদার হিসেবে বর্ণনা করার সমালোচনা করেছে। পর্যালোচনায় বলা হয় যে পাঠ্যবইয়ে ব্যবহৃত পূর্বের বাক্যটি এমন ইঙ্গিত দিত যেন জেরুজালেমে মুসলিমদের নিয়ন্ত্রণ হুমকির মুখে রয়েছে।

সংস্থাটির মতে এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জেরুজালেম নিয়ে একটি সংঘাতময় ধারণা তৈরি হতে পারত। ইমপ্যাক্ট এসই তাদের প্রতিবেদনে দাবি করেছে যে নতুন পাঠ্যক্রম থেকে ধর্মীয় চরমপন্থা ও ইহুদিবিদ্বেষমূলক বিভিন্ন অংশ বাদ দেওয়া হয়েছে। এমনকি পবিত্র কোরআনের কিছু আয়াত এবং হাদিসের উল্লেখও আগের চেয়ে সংক্ষিপ্ত করা হয়েছে।

এর ফলে শিক্ষার্থীদের মধ্যে অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি মনোভাব ইতিবাচক হবে বলে তারা মনে করছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন বইগুলোতে পূর্বের যেসব মানচিত্রে পুরো এলাকাকে ফিলিস্তিন হিসেবে চিহ্নিত করা হয়েছিল সেখান থেকে ফিলিস্তিন নামটি সরিয়ে ফেলা হয়েছে। তবে সরাসরি ইসরায়েল নামটি এখনও যুক্ত করা হয়নি।

একাদশ শ্রেণির একটি ইতিহাস বইয়ে জায়নবাদী শত্রু শব্দগুচ্ছের পরিবর্তে ইসরায়েলি দখলদারিত্ব শব্দটি ব্যবহার করা হয়েছে। সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজকে জায়নবাদী নেতা চাইম উইজম্যানের ঘুষ দেওয়ার চেষ্টার ঘটনাটির বর্ণনা থাকা নিয়েও আপত্তি জানিয়েছে ইসরায়েলি সংস্থাটি। ১৯৪০ সালের ঐতিহাসিক নথি অনুযায়ী উইজম্যান ফিলিস্তিনিদের জর্ডান ও ইরাকে পুনর্বাসনের বিনিময়ে বিপুল অর্থ দেওয়ার প্রস্তাব করেছিলেন যা বাদশাহ আবদুল আজিজ প্রত্যাখ্যান করেন।

এস এম/ ১৮ আগস্ট ২০২৬



Scroll to Top