সৌদি কর্তৃপক্ষ ২০২৭ সালের হজ মৌসুমের জন্য আগাম প্রস্তুতি শুরু করেছে। লক্ষ লক্ষ হজযাত্রীর জন্য হজ পরিষেবা আরও উন্নত করতে ২০২৬ সালের হজ থেকে প্রাপ্ত শিক্ষা পর্যালোচনা করে পরিকল্পনা এবং সর্বোচ্চ প্রস্তুতির জন্য বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করতে সুপারিশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সোমবার (২৯ মে) সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
মক্কা প্রিন্সিপ্যালিটি এজেন্সি ফর হজ অ্যান্ড উমরাহ অ্যাফেয়ার্স এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের হজ প্রজেক্টস ম্যানেজমেন্ট অফিসের সহযোগিতায় আয়োজিত তিন দিনব্যাপী আলোচনা সভায় এসব সুপারিশ করা হয়েছে।
সৌদি আরবের পবিত্র স্থানগুলোতে হজযাত্রীদের পরিষেবা প্রদানে জড়িত ৬০টি সরকারি সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন। হজ ও উমরাহ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যানের নির্দেশনায় এবং মক্কার ডেপুটি আমির প্রিন্স সৌদ বিন মিশালের তত্ত্বাবধানে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণকারীরা ২০২৬ সালের হজ মৌসুমের ফলাফল পর্যালোচনা করেছেন এবং এর সাফল্যের ওপর ভিত্তি করে আরও উন্নতির লক্ষ্যে সুপারিশ তৈরি করেছেন। এই প্রস্তাবনাগুলোর মূল লক্ষ্য ছিল হজ পরিচালন পরিকল্পনা উন্নত করা, সক্রিয় পদক্ষেপ জোরদার করা, অংশগ্রহণকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং তাদের নিজ নিজ ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি করা।
আলোচনায় হজযাত্রীদের জন্য উচ্চমানের পরিষেবা বজায় রেখে সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলো আগে থেকে অনুমান ও মোকাবেলার কৌশলসহ সর্বোচ্চ স্তরের পরিচালনা প্রস্তুতি অর্জনের উপায়গুলোও খতিয়ে দেখা হয়।




