
ঢাকা, ৭ ফেব্রুয়ারি – আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারে প্রধানমন্ত্রী হিসেবে কে আসছেন, এ নিয়ে জনমনে নানা জল্পনা কল্পনা রয়েছে।
সম্প্রতি বেসরকারি সংস্থা সোচ্চার এর পরিচালিত এক জরিপে উঠে এসেছে, দেশের ৪২ দশমিক ১ শতাংশ ভোটার মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ৩৪ দশমিক ৯ শতাংশ ভোটার মনে করেন তিনি সরকারপ্রধানের দায়িত্ব নিতে পারেন।
শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
জরিপটি পরিচালনা করা হয়েছে ঢাকার চারটি সুনির্দিষ্ট আসনে। এগুলো হলো ঢাকা ১৭, ঢাকা ১৫, ঢাকা ১১ ও ঢাকা ১৩ আসন। মোট ২ হাজার ২৪১ জন ভোটারের ওপর এই জরিপ চালানো হয়।
জরিপের মূল প্রশ্ন ছিল, আগামী নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে কে দায়িত্ব নিতে পারেন।
প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারেন বলে মত দিয়েছেন মাত্র ১ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা।
এছাড়া ১৬ দশমিক ২ শতাংশ মানুষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি এবং ৪ দশমিক ১ শতাংশ উত্তর দিতে রাজি হননি।
লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, পুরুষ ভোটারদের মধ্যে ৪২ দশমিক ৪ শতাংশ এবং নারী ভোটারদের ৪১ দশমিক ৭ শতাংশ তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনার পক্ষে মত দিয়েছেন।
অন্যদিকে ডা. শফিকুর রহমানের ক্ষেত্রে পুরুষদের ৩৪ দশমিক ৩ শতাংশ এবং নারীদের ৩৫ দশমিক ৫ শতাংশ ইতিবাচক মত পোষণ করেছেন।
এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬





