বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ-এর গায়িকা এবং একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। ১৯৩৫ সালে জন্ম নেওয়া এই গুণী শিল্পী অতি অল্প বয়সেই সংগীতজগতে পা রাখেন। মাত্র ১২ বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্র থেকে তার গান প্রথম প্রচারিত হয়। পঞ্চাশ ও সত্তর দশকে রেডিও ও চলচ্চিত্রের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের মধ্যে মাহবুবা রহমান ছিলেন অন্যতম। পল্লিগীতি ও আধুনিক গানে তার বিশেষ দক্ষতা ছিল। দেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ-এ সমর দাসের সুরে তিনি গেয়েছিলেন ‘মনের বনে দোলা লাগে’—যা তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি। তার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘নিরালা রাতের প্রথম প্রহরে’, ‘তোমাকে ভালোবেসে অবশেষে কী পেলাম’সহ আরও অনেক জনপ্রিয় গান। এছাড়া তিনি ‘জাগো হুয়া সাভেরা’, ‘আসিয়া’, ‘এ দেশ তোমার আমার’, ‘যে নদী মরুপথে’, ‘কখনো আসেনি’, ‘সূর্যস্নান’, ‘সোনার কাজল’, ‘রাজা সন্ত্রাসী’, ‘নবাব সিরাজউদ্দৌলা’ ও ‘সাত ভাই চম্পা’সহ বহু চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠ দিয়েছেন। বাংলাদেশের সংগীতাঙ্গনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। কালজয়ী এই শিল্পীর মৃত্যুতে শোকাচ্ছন্ন চ্যানেল আই পরিবার।




