সুইডেনে এক দশকে যেভাবে কমে গেলো হত্যাকাণ্ড | চ্যানেল আই অনলাইন

সুইডেনে এক দশকে যেভাবে কমে গেলো হত্যাকাণ্ড | চ্যানেল আই অনলাইন

সুইডেনে ২০২৫ সালে হত্যাকাণ্ড ও অনিচ্ছাকৃত হত্যার সংখ্যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। দেশটির অপরাধ পরিসংখ্যান সংস্থা দ্য সুইডিশ ন্যাশনাল কাউন্সিল ফর ক্রাইম প্রিভেনশন (বিআরএ) মঙ্গলবার (৩১ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে সুইডেনে মোট ৮৪ জন নিহত হয়েছেন, যা ২০২৪ সালের ৯২ জনের তুলনায় কম। ২০২০ সালে এই সংখ্যা সর্বোচ্চ ১২৪-এ পৌঁছেছিল। বিআরএ জানায়, টানা দ্বিতীয় বছরের মতো প্রাণঘাতী সহিংসতা কমেছে এবং ২০১২ সালের পর এটি সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন কৌশল, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি ক্ষমতা প্রয়োগের ফলে দীর্ঘদিনের গ্যাং সহিংসতা কমাতে সক্ষম হয়েছে দেশটি।

তবে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সংঘটিত সুইডেনের সবচেয়ে ভয়াবহ গণগুলিবর্ষণের ঘটনাটি সামগ্রিক পরিসংখ্যানে বড় প্রভাব ফেলেছে। ওই ঘটনায় ১০ জন নিহত হন, যা ২০২৫ সালের মোট বন্দুক সহিংসতায় মৃত্যুর প্রায় এক-চতুর্থাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালেও বন্দুক সহিংসতা ছিল প্রাণঘাতী সহিংসতার প্রধান কারণ। এ বছরে ৪২ জন বন্দুক হামলায় নিহত হয়েছেন, যা আগের বছরের তুলনায় তিনজন কম।

সুইডেনে অপরাধ দমনে সরকার বিভিন্ন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে গোপন নজরদারি বাড়ানো, আদালতে সাক্ষীদের জন্য পরিচয় গোপন রাখার ব্যবস্থা, কঠোর শাস্তি এবং ‘সেফটি জোন’ চালু করা, যেখানে সন্দেহভাজন না হলেও পুলিশ তল্লাশি চালাতে পারে।

পুলিশ জানিয়েছে, এসব পদক্ষেপের ফলে গ্যাংগুলোর অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করা সম্ভব হয়েছে এবং সহিংসতা প্রতিরোধে কার্যকারিতা বেড়েছে।

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে সুইডেনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ কারণে অপরাধ পরিস্থিতি দেশটির রাজনীতি ও ভোটারদের কাছে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে, যদিও ২০২২ সালের তুলনায় বন্দুক হামলার সংখ্যা অর্ধেকে নেমে এসেছে।

Scroll to Top