
দামেস্ক, ১৬ ফেব্রুয়ারি – সিরিয়া ও লেবানন সীমান্তে অবস্থিত মাজদাল আনজার এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় সিরিয়ার একজন সীমান্তরক্ষী খালেদ মোহাম্মদ আল-আহমাদসহ অন্তত চারজন নিহত হয়েছেন।
সোমবার স্থানীয় সময় সকালে ঘটা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ।
লেবানিজ মন্ত্রণালয় হতাহতের সংখ্যা নিশ্চিত করলেও বিস্তারিত আর কিছু জানায়নি। অন্যদিকে আইডিএফ এক বিবৃতিতে দাবি করেছে, ওই এলাকায় আত্মগোপনে থাকা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের কতিপয় সদস্যকে লক্ষ্য করে এই বোমা বর্ষণ করা হয়।
পিআইজে মূলত গাজা নিয়ন্ত্রণকারী হামাসের ঘনিষ্ঠ মিত্র এবং ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় তাদের যোদ্ধারাও অংশ নিয়েছিল। হামলার বিষয়ে সংগঠনটি এখনও কোনো মন্তব্য করেনি।
তবে গত নভেম্বরে লেবানন ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে এই হামলাকে। নভেম্বরের পর থেকে প্রায় নিয়মিতই লেবাননের বিভিন্ন এলাকায় বিশেষ করে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বোমা বর্ষণ করছে তেল আবিব। জাতিসংঘের হিসেব অনুযায়ী নভেম্বর থেকে এ পর্যন্ত ইসরায়েল লেবাননে ১০ হাজারেরও বেশি হামলা চালিয়েছে যাতে নারী ও শিশুসহ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।
এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬





