
সিডনি, ১৭ ফেব্রুয়ারি – অস্ট্রেলিয়ার সিডনির ইঙ্গেলবার্নে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী আয়োজন। মেজবান রেস্টুরেন্ট এবং ঢাকা সুইটের যৌথ উদ্যোগে ‘খোশ আমদেদ মাহে রমজান’ শীর্ষক এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। গত সোমবার অনুষ্ঠিত এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নতুন প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
অনুষ্ঠানে আগত শিশু ও কিশোরদের জন্য বিশেষ রমজান উপহারের ব্যবস্থা রাখা হয়েছিল যা তাদের মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার করে। আয়োজকরা জানান যে ছোটদের মাঝে রমজান মাসের গুরুত্ব এবং সংযম ও মানবিক মূল্যবোধের শিক্ষা ছড়িয়ে দেওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য। মুসলমানদের জন্য রমজান মাসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আচার পালনের বার্তা দেওয়া হয়। আয়োজনের শেষ ভাগে উপস্থিত সকলে তারাবাতি বা স্পার্কলার প্রজ্বালন করে আসন্ন পবিত্র মাসকে স্বাগত জানান।
এ সময় সেখানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে যে ভবিষ্যতেও এ ধরণের কর্মসূচির মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধ ও ইসলামি সংস্কৃতির সাথে সম্পৃক্ত রাখার পরিকল্পনা তাদের রয়েছে।
এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬





