জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই। ৩৭ রাউন্ড শেষে টেবিলে শীর্ষে আছে আর্সেনাল। সবকিছু ঠিক থাকলে এবং মঙ্গলবার রাতে ম্যানচেস্টার সিটি হারলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে আর্সেনালের। তার আগে বোর্নমাউথের বিপক্ষে পেপ গার্দিওলার শিষ্যদের লড়াই। এ ম্যাচের জন্য নিজেকে বোর্নমাউথের সবচেয়ে বড় সমর্থক বলেছেন আর্সেনালো কোচ মিকেল আর্তেতা।
ম্যানচেস্টার সিটির ম্যাচের আগে আর্সেনাল কোচ আর্তেতার দিকে প্রশ্ন যায়, ২৪ ঘণ্টার জন্য বোর্নমাউথকে সমর্থন করছেন কিনা? আর্তেতা বলেছেন, ‘বোর্নমাউথের এখনকার সবচেয়ে বড় সমর্থক আমি। আমার মনে হয় আমরা সবাই বোর্নমাউথের সমর্থক, কারণ এর মানে কী আমরা জানি।’
‘ভেবেছিলাম আমার যে পরিমাণ চুল আছে তা আর কখনোই কমবে না, কিন্তু এই চাকরিটা সেটার চূড়ান্ত পরীক্ষা নেবে।’
ম্যানসিটি-বোর্নমাউথের খেলা দেখা প্রসঙ্গে আর্তেতা বলেছেন, ‘জানি না কতক্ষণ ধরে দেখব, কিন্তু আমি টিভির সামনে থাকবই। জানি না কতক্ষণ দেখতে পারব। পরিবারের সাথে এটা দেখার পরিকল্পনা করেছিলাম, কিন্তু জানি না কতক্ষণ ধরে দেখব।’
ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ ২০০৪ সালে শিরোপা জিতেছিল আর্সেনাল। গত কয়েক মৌসুম ধরে শিরোপার খুব কাছে গিয়েও ছুঁয়ে দেখতে পারেনি তারা। এবার সবচেয়ে বড় সুযোগটি এসেছে গানারদের।




