সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ | চ্যানেল আই অনলাইন

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ | চ্যানেল আই অনলাইন

শেরপুরে সিএনজি অটোরিক্সা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর গুরুতর আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

শেরপুর জেলা সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. উৎপল হাসান জানিয়েছেন, হাসপাতালে দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। নিহতদের মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে। তবে তিনি তাদের নাম-পরিচয় জানাতে পারেননি।

তিনি জানিয়েছেন, আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়া আরও দুজন শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।

Scroll to Top