সাশ্রয়ের আহ্বানেই বিতর্ক, মোদিকে ‘ব্যর্থ’ বললেন রাহুল | চ্যানেল আই অনলাইন

সাশ্রয়ের আহ্বানেই বিতর্ক, মোদিকে ‘ব্যর্থ’ বললেন রাহুল | চ্যানেল আই অনলাইন

জ্বালানি সাশ্রয়, বিদেশ সফর কমানো, বাড়ি থেকে কাজ এবং এক বছরের জন্য স্বর্ণ কেনা কমানোর আহ্বান জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বার্তা দিয়েছেন, তা নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দল কংগ্রেস এই আহ্বানকে সরকারের অর্থনৈতিক ব্যর্থতার প্রমাণ হিসেবে উল্লেখ করেছে।

এনডিটিভি জানিয়েছে, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মোদি সরকারের ১২ বছরের শাসনকালকে কঠোর ভাষায় সমালোচনা করে বলেন, নরেন্দ্র মোদি জনগণকে ত্যাগ স্বীকারের আহ্বান জানিয়েছেন। মানুষকে বলা হচ্ছে স্বর্ণ কিনবেন না, বিদেশে যাবেন না, কম তেল ব্যবহার করুন, রান্নার তেল ও সার কম ব্যবহার করুন, মেট্রো ব্যবহার করুন, বাড়ি থেকে কাজ করুন।

রাহুল আরও অভিযোগ করেন, এগুলো শুধু উপদেশ নয়, সরকারের ব্যর্থতার প্রমাণ। দীর্ঘ ১২ বছরের শাসনের পর দেশকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, যেখানে সরকারের দায় এড়িয়ে সাধারণ মানুষের ওপর বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। একইসঙ্গে তিনি মোদিকে আপোসকারী প্রধানমন্ত্রী বলেও কটাক্ষ করেন।

বিষয়টি নিয়ে কংগ্রেসের অন্যান্য নেতারাও সরব হয়েছেন। দলটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল প্রধানমন্ত্রীকে ‘দিশাহারা’ আখ্যা দিয়ে বলেন, যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পরও সরকার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর কোনো প্রস্তুতি নেয়নি। সাধারণ মানুষকে কষ্টে ফেলার বদলে সরকারের উচিত ছিল আগেভাগে পর্যাপ্ত জ্বালানি মজুত নিশ্চিত করা।

এদিকে কংগ্রেস নেতা ও সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরম প্রধানমন্ত্রীর আকস্মিক এই নির্দেশনার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা জনগণের সামনে তুলে ধরতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন।

Scroll to Top