আজ থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। দীর্ঘ ১৬ বছর পর সারাদেশে একযোগে ২০২৫ সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে।
আজ ১৫ এপ্রিল বুধবার সকাল ১০টায় শুরু হওয়া প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষা দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে।
গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সময়সূচি অনুমোদন দেওয়া হয়। পরে অধিদপ্তরের পক্ষ থেকে বিস্তারিত সূচি প্রকাশ করা হয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে আড়াই ঘণ্টা ধরে চলবে।
তবে পার্বত্য তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসব এলাকায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হবে। পরবর্তী সময়ে ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।


