ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সারের তীব্র সংকটকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও সহিংসতা সৃষ্টি হয়েছে। রবি মৌসুমে পর্যাপ্ত সার না থাকায় কৃষকদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমছিল।
গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার লেহেমবা ইউনিয়নের উমরাডাঙ্গী বাজারে সার বিতরণের সময় এই ক্ষোভ সহিংস রূপ নেয়।
অভিযোগ ওঠে, সার সংকটের সুযোগ নিয়ে পাঁচজন কৃষক তিনটি ভ্যানে করে একজনের নামেই ৩৩ বস্তা সার নিয়ে যাওয়ার চেষ্টা করলে সারবঞ্চিত অন্য কৃষকেরা বিক্ষোভে ফেটে পড়েন এবং হট্টগোল শুরু হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেনকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ফিরে আসেন। এসময় উত্তেজিত জনতা সমস্ত ক্ষোভ উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেনের ওপর ঢেলে দিয়ে বেধড়ক মারধর শুরু করে। হামলায় আকতার হোসেনের দাঁত ভেঙে প্রচুর রক্তক্ষরণ হয় এবং তিনি মুমূর্ষু হয়ে পড়েন।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম জানান, আহত কর্মকর্তা এখনো শঙ্কামুক্ত নন। চিকিৎসা শেষে ভুক্তভোগীর মতামতের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করলেও এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি বলে জানান।



