সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে থাকে, তাহলে সেটি যাচাই করা মোটেও কঠিন নয় বলে মন্তব্য করেছেন জুলকারনাইন সায়ের।
রোববার (১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কোনো অ্যাকাউন্ট হ্যাক হলে প্রকৃত ব্যবহারকারী বিষয়টি বুঝতে পারার পর অবশ্যই সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করেন। এ ধরনের যোগাযোগের একটি নির্দিষ্ট ডিজিটাল রেকর্ড থাকে, যা যাচাইযোগ্য।
তিনি আরও বলেন, প্ল্যাটফর্মে যোগাযোগ না করেও যদি কেউ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করে থাকেন, তাহলে নিরাপত্তার স্বার্থে অবশ্যই পূর্বের পাসওয়ার্ড পরিবর্তন করা হয়। বিশেষ করে ভেরিফায়েড অ্যাকাউন্ট হলে সেখানে দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) থাকার কথা।
জুলকারনাইন সায়েরের মতে, পাসওয়ার্ড আপডেট করার সঙ্গে সঙ্গেই মূল ব্যবহারকারী একটি স্বয়ংক্রিয় (অটোজেনারেটেড) ই-মেইল পান এবং অনেক ক্ষেত্রে ওটিপিও রিসিভ করেন। ফলে কেউ যদি নির্দিষ্ট সময় উল্লেখ করে দাবি করেন যে তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, তাহলে পুনরুদ্ধারের পর পাসওয়ার্ড পরিবর্তনের বিষয়ে একটি ই-মেইল তাঁর ইনবক্সে থাকার কথা, যেখানে স্পষ্টভাবে টাইমস্ট্যাম্প উল্লেখ থাকে।
তিনি বলেন, সেই একটি ই-মেইল শেয়ার করলেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যায়। এ ক্ষেত্রে সম্পূর্ণ ইনবক্স প্রকাশ করার প্রয়োজন নেই; শুধু সংশ্লিষ্ট ই-মেইলের বিস্তারিত অংশ ব্লার করে স্ক্রিন রেকর্ড বা ভিডিও আকারে প্রকাশ করলেই জনসমক্ষে সব প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব।


