টাইব্রেকার কি আসলেই লটারি, নাকি পর্বতপ্রমাণ চাপ সামলাতে পারার পুরস্কার! টেনিসের জন্যও কথাটা প্রযোজ্য। টানা টাইব্রেকার জয়ের নতুন গ্র্যান্ড স্লাম রেকর্ড গড়ে গতকাল সেটির প্রমাণ নতুন করে দিলেন আরিনা সাবালেঙ্কা। আজকাল মেয়েদের টেনিসে বেলারুশ তারকার মতো মানসিকভাবে শক্তিশালী আর কে আছেন!
দুবারের অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন ও সর্বশেষ তিনবারের ফাইনালিস্ট সাবালেঙ্কা রড লেভার অ্যারেনায় আজ কানাডার ভিক্টোরিয়া এমবোকোকে ৬-১, ৭-৬ (৭/১) গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পথেই রেকর্ডটা গড়েছেন। এ নিয়ে গ্র্যান্ড স্লামে টানা ২০টি টাইব্রেকার জিতলেন সাবালেঙ্কা। নারী-পুরুষ মিলিয়েই রেকর্ড গড়া সাবালেঙ্কা পেছনে ফেলেছেন নোভাক জোকোভিচকে। ছেলেদের টেনিসে গ্র্যান্ড স্লাম এককে রেকর্ড ২৪ বারের চ্যাম্পিয়ন জোকোভিচ টানা ১৯টি টাইব্রেকার জিতেছিলেন। জোকোভিচ মানসিক ও শারীরিকভাবে কতটা শক্তিশালী, সেটি না বললেও চলে।



