সাফজয়ী নারী ফুটসাল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন | চ্যানেল আই অনলাইন

সাফজয়ী নারী ফুটসাল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন | চ্যানেল আই অনলাইন

মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছে বাংলাদেশ। মালদ্বীপকে উড়িয়ে টুর্নামেন্টের প্রথম আসরেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া আসরে নিজেদের ষষ্ঠও শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে ইতিহাস গড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের ঐতিহাসিক সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

অভিনন্দন বার্তায় অধ্যাপক উইসূস বলেন, ‘সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের। এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ।’

প্রধান উপদেষ্টা বিজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। ভবিষ্যতেও নারী ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্য কামনা করছি।’

প্রসঙ্গত, প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ‍্যাম্পিয়নশীপ-এ রোববার ব্যাংককে টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে আসরে শুভসূচনা করেছিল বাংলাদেশ।

Scroll to Top