চট্টগ্রাম থেকে: নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ সিরিজে প্রথম দুই টি-টুয়েন্টিতে চমক রেখে দল দিয়েছে বাংলাদেশ। প্রথমবার জাতীয় দলে জায়গা পেয়েছেন তরুণ পেস-অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। ফিরেছেন পেসার রিপন মন্ডল, তিনি ২০২৩ সালে এশিয়ান গেমসে তিন ম্যাচ খেলেছিলেন। তারুণ্য ও নতুন প্রতিভাকে প্রাধান্য দিয়ে বিসিবি কিউইদের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটে দল সাজিয়েছে। যা ইতিবাচক দেখছেন টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম দুটি টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। তার আগে বৃহস্পতিবার সকাল ১১টায় গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে আসেন টেইট। টি-টুয়েন্টিতে রিপন ও সাকলাইনের ডাক পাওয়া প্রসঙ্গে তাদের পারফরম্যান্স ও উন্নতি নিয়ে ইতিবাচক বলেছেন তিনি।
দলে দুই প্রতিভাবান তরুণের ডাক পাওয়াকে নতুন উদ্দীপনা হিসেবে দেখছেন সাবেক অজি পেসার। গত কয়েকমাস তাদের সাথে নিবিড়ভাবে কাজ করার অভিজ্ঞতা থেকে টেইট প্রস্তুতির প্রশংসাও করেছেন রিপন ও সাকলাইনের।
‘জাতীয় দলে নতুন মুখ দেখা সবসময়ই ভালো। সম্প্রতি তাদের সাথে কাজ করেছি। আগে ইমার্জিং দলেও তাদের দেখেছি। গত ১২ মাসে বিপিএল হোক বা ইমার্জিং ক্রিকেট, দুজনেই খুব ভালো করেছে এবং জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করেছে। গত একমাস বা দেড়মাস ধরে তাদের সাথে সময় কাটিয়েছি। দুজনেই দারুণ। স্কোয়াডে তরুণ খেলোয়াড়দের আসা মানে বাড়তি প্রাণশক্তি। টি-টিয়েন্টি সিরিজে তাদের সাথে কাজ করার অপেক্ষায় আছি।’
সাকলাইন এবং রিপন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কেড়েছেন। কোচের মতে, তাদের অন্তর্ভুক্তি দলের বোলিং-ব্যাটিং গভীরতা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টি-টুয়েন্টি সিরিজের আগে তরুণদের এমন সুযোগ পাওয়া আসন্ন ম্যাচগুলোতে দলের জন্য সহায়ক হবে, বলছেন টেইট।




