সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি | চ্যানেল আই অনলাইন

সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি | চ্যানেল আই অনলাইন

প্রথমে গোল হজম করার পর ১০ মিনিটে ব্যবধানে দুই গোল করে এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। সেমিফাইনালে পেপ গার্দিওলার শিষ্যরা প্রতিপক্ষকে হারিয়েছে ২-১ গোলের ব্যবধানে। এ জয়ে ডমিস্টিক ট্রেবলের আরও কাছাকাছি সিটিজেনরা। এর আগে ইএফএল কাপ শিরোপা জিতেছিল দলটি। ফাইনালে উঠে টানা চারটি এফএ কাপের ফাইনাল খেলার রেকর্ড গড়েছেন পেপ গার্দিওলা।

ওয়েম্বলিতে প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে আধিপত্য রেখেছিল ম্যানচেস্টার সিটি। সাউদাম্পটনও ছেড়ে কথা বলেনি গার্দিওলার দলকে। জোরালো বেশকটি চেষ্টা সত্ত্বেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। পরে গোলশুন্য ব্যবধান রেখে বিরতিতে যায় দুদল।

বিরতির পর আক্রমণের ধারা বাড়াতে থাকে ম্যানসিটি। ৬৩ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করেন মিশরের তারকা ওমর মারমুশ। রায়ান শেরকির সলো রানের বলটি ডি বক্সের মাঝে দিলেও পায়ের টোকায় বল জালে জড়াতে পারেননি মিশরের তারকা। পরের মিনিটে স্যাভিনহোর বাঁপায়ের জোরালো গতির শটটি ঠেকিয়ে দেন সাউদাম্পটন গোলকিপার।

৭১ মিনিটে মারমুশ ও আয়ার নওরিকে উঠিয়ে গার্দিওলা মাঠে নামান আর্লিং হালান্ড ও নিকো ওরাইলিকে। এরপর প্রথম গোল হজম করে ম্যানসিটি। ৭৮ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে লেফট উইংয়ে বল পান ফিন অ্যাজাজ। ডানপায়ের জোরালে শটে ম্যানসিটি গোলকিপার ট্রাফোর্ডের বাঁপাশ দিয়ে গোল করেন, ১-০ গোলে এগিয়ে যায় সাউদাম্পটন।

সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি সিটিজেনরা। ৮২ মিনিটে জেরেডি ডকুর ডি বক্সের বাইরে থেকে নেয়া দুর্দান্ত শটে বল জালে জড়ায়, ১-১ সমতায় ম্যাচে ফেরে ম্যানসিটি। পরের মিনিটে সাউদাম্পটনের আরেকটি দুর্দান্ত সুযোগ ঠেকিয়ে দেন ট্রাফোর্ড।

পরে দ্বিতীয় গোল করতে আর মাত্র পাঁচ মিনিট সময় নেয় ম্যানসিটি। ৮৭ মিনিটে ডি বক্সের বেশ খানিকটা বাইরে থেকে ডানপায়ে জোরালো শট নেন নিকো গঞ্জালেজ। টপকর্নারে দিয়ে বল জালে জড়ায়, ২-১ ব্যবধানে এগিয়ে যায় ম্যানসিটি। ৯১ মিনিটে মাঝমাঠে গোলকিপারকে কাটিয়ে ডকু আরও একুট সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি স্যাভিনহো। পরে ২-১ ব্যবধানেই জয় তোলে ম্যানসিটি।

এ বছরর মার্চে ইএফএল কাপ বা কারাবাও কাপের ফাইনালে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে সিটি মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলেছিল। সেটি পেপ গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটির পঞ্চম ইএফএল কাপ জয়।

Scroll to Top