
ঢাকা, ২০ জুলাই – ঢাকা মহানগরে শব্দদূষণ নিয়ন্ত্রণে নীরব বা সাইলেন্ট এলাকায় অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধে ট্রাফিক কর্মকর্তাদের নতুন নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। হর্ন বাজানোর প্রবণতা কমাতে এসব এলাকায় স্পষ্ট সাইনবোর্ড স্থাপন, ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার ওপর জোর দিয়েছেন তিনি।
গত রবিবার ডিএমপি সদরদপ্তরে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে কমিশনার এই নির্দেশনা প্রদান করেন। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়।
সভায় যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক আইনের সঠিক বাস্তবায়ন এবং প্রযুক্তিনির্ভর জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ট্রাফিক বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরলে কমিশনার তা গুরুত্বসহকারে শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার বলেন যে শব্দদূষণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই নাগরিকদের সচেতন করার মাধ্যমে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার নিরুৎসাহিত করতে হবে। সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এম/ ২০ জুলাই ২০২৬




