নোবেল জয়ের ঘোষণা আসার এক ঘণ্টা পর ডাইসেরথ বলেন, ‘আজ রাতে আর একদমই ঘুমানো হলো না।’ ফোন আর জুম অ্যাপের মাধ্যমে সাংবাদিকেরা যখন তাঁর সাক্ষাৎকার নিচ্ছিলেন, তখন এক ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফার দ্রুত তাঁর বাড়ির দিকে রওনা হন।
রাত সাড়ে তিনটার দিকে স্ট্যানফোর্ডের সেই বাড়িতে পৌঁছে ফটোগ্রাফার কিছুটা ঘাবড়ে যান। বাড়ির বাইরে হ্যালোইনের সাজসজ্জা ঝুলছিল, আর ভেতরে কেবল একটিমাত্র আলো জ্বলছিল। ভুল জায়গায় এলেন কি না, এই ভেবে তিনি দরজায় কড়া নাড়বেন কি না ভাবছিলেন।
ঠিক তখনই বিজ্ঞানীর স্ত্রী ডক্টর মিশেল মঞ্জ দরজা খুলে তাঁদের ভেতরে নিয়ে যান। সেখানে গিয়ে দেখা যায়, নতুন নোবেলজয়ী বিজ্ঞানী সোফায় বসে একটার পর একটা ফোনকল ধরে কথা বলে যাচ্ছেন।

