পশ্চিমবঙ্গের দীঘার তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সহঅভিনেত্রী শ্বেতা মিশ্র-কে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
রবিবার বিকেলে ধারাবাহিক নাটক ‘ভোলে বাবা পার করেগা’-র আউটডোর শুটিং চলছিল তালসারি সমুদ্রসৈকতে। শুটিংয়ের ফাঁকে রাহুল ও শ্বেতা কিছুটা বেশি জলের দিকে এগিয়ে যান। হঠাৎই ভারসাম্য হারিয়ে জলে পড়ে যান শ্বেতা। তাকে বাঁচাতে এগিয়ে গিয়ে নিজেও পানিতে পড়ে যান রাহুল।
পরিস্থিতি গুরুতর বুঝে দ্রুত জলে ঝাঁপ দেন শুটিং ইউনিটের সদস্যরা। প্রথমে শ্বেতাকে উদ্ধার করা সম্ভব হলেও রাহুলকে সঙ্গে সঙ্গে খুঁজে পাওয়া যায়নি। পরে কখন উদ্ধার করা হয়েছে, সেটার ফুটে পাওয়া যায়নি।
তবে শুটিং সংশ্লিষ্টরা বলছে, কিছু সময় পর রাহুলকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে—অতিরিক্ত পানি শরীরে ঢুকে যাওয়ায় তার মৃত্যু হয়।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুরো ঘটনাটির একটি অংশ ক্যামেরায় ধারণ করা হয়েছিল। শুটিং চলাকালীন সমুদ্রমুখী একাধিক ক্যামেরা অন থাকায় ফুটেজে দেখা যায়, রাহুল ও শ্বেতা হাত ধরে ধীরে ধীরে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ শ্বেতা পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে রাহুলও জলে তলিয়ে যান। পরে ইউনিটের সদস্যদের উদ্ধার অভিযানের দৃশ্যও আংশিকভাবে ধরা পড়ে।
তবে রাহুলকে উদ্ধার করার সময় ক্যামেরা বন্ধ থাকায় সেই অংশটি রেকর্ড হয়নি বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, রাহুল বা শ্বেতা কেউই সাঁতার জানতেন না। শুটিং স্পটে নিরাপত্তার জন্য ডু্বুরি থাকলেও প্রবল বাতাসের কারণে সতর্কবার্তা তাদের (রাহুল-শ্বেতা) কানে পৌঁছায়নি। ডুবুরি শেষ পর্যন্ত জলে ঝাঁপিয়ে পড়ে উদ্ধারকাজে অংশ নেন।




