সরকারি ব্যয়ে কঠোর নিয়ন্ত্রণ: বিদেশ ভ্রমণ ও গাড়ি কেনা বন্ধ – DesheBideshe

সরকারি ব্যয়ে কঠোর নিয়ন্ত্রণ: বিদেশ ভ্রমণ ও গাড়ি কেনা বন্ধ – DesheBideshe


সরকারি ব্যয়ে কঠোর নিয়ন্ত্রণ: বিদেশ ভ্রমণ ও গাড়ি কেনা বন্ধ – DesheBideshe

ঢাকা, ৬ এপ্রিল – মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে সরকারি ব্যয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে ব্যয় কমানো ও স্থগিতের নির্দেশ দিয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ একটি পরিপত্র জারি করেছে।

নতুন নিয়ম অনুযায়ী সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ, সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহণ সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি সব ধরনের যানবাহন কেনার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, আপ্যায়ন খাতে অব্যয়িত অর্থের সর্বোচ্চ অর্ধেক এবং নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত অভ্যন্তরীণ প্রশিক্ষণে সর্বোচ্চ অর্ধেক ব্যয় করা যাবে। তবে সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো এই নিয়মের আওতামুক্ত থাকবে।

বিদ্যুৎ, জ্বালানি এবং ভ্রমণ খাতের ব্যয়েও রাশ টানা হয়েছে। এসব ক্ষেত্রে অবশিষ্ট বরাদ্দের সর্বোচ্চ শতকরা ৭০ ভাগ ব্যয় করা যাবে। সেমিনার ও কনফারেন্স আয়োজনে সর্বোচ্চ শতকরা ৮০ ভাগ অর্থ ব্যয়ের সুযোগ থাকলেও আপ্যায়ন খরচ অর্ধেক রাখতে হবে।

এছাড়া ভবন নির্মাণ খাতে বরাদ্দ অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। তবে যেসব প্রকল্পের কাজ শতকরা ৭০ ভাগের বেশি শেষ হয়েছে, সেগুলো অর্থ বিভাগের বিশেষ অনুমোদন নিয়ে সম্পন্ন করা যাবে।

কম্পিউটার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি কেনায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং পরিচালন বাজেটের আওতায় ভূমি অধিগ্রহণ বন্ধ রাখা হয়েছে।

অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এই পরিপত্রে জানানো হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক চাপ মোকাবিলা এবং সরকারি ব্যয়ে শৃঙ্খলা নিশ্চিত করতেই এই সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে।

এনএন/ ৬ এপ্রিল ২০২৬



Scroll to Top