চাকরির নিয়োগ পরীক্ষায় লিখিত অংশের নম্বর কমিয়ে ভাইভায় নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ব্যানারে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, লিখিত পরীক্ষার গুরুত্ব কমিয়ে ভাইভায় বেশি নম্বর রাখলে মেধার নিরপেক্ষ মূল্যায়ন ব্যাহত হবে এবং নিয়োগপ্রক্রিয়ায় দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও দুর্নীতির সুযোগ তৈরি হবে। এ সময় শিক্ষার্থীরা ‘বেশি মার্ক ভাইভায়, চাকরি হবে পয়সায়’, ‘ভাইভা না মেধা, মেধা মেধা’ এবং ‘কোটা গেছে যে পথে, ভাইভা যাবে সে পথে’ এমন বিভিন্ন স্লোগান দেন।