সন্তানসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে অবসরপ্রাপ্ত পুলিশের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

সন্তানসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে অবসরপ্রাপ্ত পুলিশের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

লক্ষ্মীপুরে সন্তানসহ ৩ জনকে কুপিয়ে আহত করার পর তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ নাছির আহমদের (৫৫) মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার পেশকার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাছির আহমদ ঘুমন্ত অবস্থায় তার ছেলে কলেজছাত্র ইমরান আহমেদকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় ইমরান ঘর থেকে বের হয়ে এলে প্রতিবেশী মিজানুর রহমান স্বপন তাকে সাহায্য করতে এগিয়ে যান। এ সময় নাছির তাকে কুপিয়ে আহত করেন।

পরে আরও একজন এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। ঘটনার একপর্যায়ে নাছির উলঙ্গ অবস্থায় বাড়ি থেকে বের হন এবং পরে তিনতলা ভবনের ছাদ থেকে লাফ দেন।

আহত অবস্থায় নাছিরসহ চারজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রায় তিন ঘণ্টা পর নাছির মারা যান।

আহতদের মধ্যে ইমরান আহমেদ ও মিজানুর রহমান স্বপনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত একজন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, নিহত নাছির আহমদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব এখলাসপুর গ্রামের বাসিন্দা। তিনি প্রায় সাত বছর ধরে পরিবারসহ ঘটনাস্থলে ভাড়া বাসায় বসবাস করছিলেন এবং গত বছর আগস্টে চাকরি থেকে অবসর নেন।

আহতদের স্বজনরা জানান, ঘটনার আগে রাতে নাছির অসুস্থ হয়ে পড়লে তার ছেলে ইমরান তাকে ওষুধ এনে দেন। সকালে হঠাৎ করেই তিনি এ হামলা চালান।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে নাছির চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদের মধ্যে দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Scroll to Top