সংসদের সাউন্ড সিস্টেমে গুরুতর দুর্নীতি, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চিফ হুইপের – DesheBideshe

সংসদের সাউন্ড সিস্টেমে গুরুতর দুর্নীতি, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চিফ হুইপের – DesheBideshe


সংসদের সাউন্ড সিস্টেমে গুরুতর দুর্নীতি, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চিফ হুইপের – DesheBideshe

ঢাকা, ৮ এপ্রিল – জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বুধবার সংসদ ভবনের টানেলে অধিবেশনের বিরতিতে সাংবাদিকদের ব্রিফিংকালে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, অভিযোগ অনুযায়ী সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে অদক্ষ একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। একইসঙ্গে নির্ধারিত স্পেসিফিকেশনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ যন্ত্রপাতি সরবরাহ এবং দরপত্র প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম করা হয়েছে।

এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে চলমান অধিবেশন যেন ব্যাহত না হয়, সেজন্য অধিবেশন শেষে এই ব্যবস্থা কার্যকর করা হবে। সংসদে পাস হওয়া সন্ত্রাসবিরোধী আইনের বাস্তবায়ন প্রসঙ্গেও কথা বলেন চিফ হুইপ। তিনি বলেন, তাদের রাজনৈতিক দর্শন হলো প্রতিশোধপরায়ণ রাজনীতি পরিহার করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করাই তাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী মনে করেন, যারা তাঁকে ভোট দিয়েছেন এবং যারা দেননি, তিনি সবারই প্রধানমন্ত্রী।

আইনের শাসনের ভিত্তিতে দেশে নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হবে এবং অপরাধী প্রমাণিত হলে বিদ্যমান আইন অনুযায়ী বিচার করা হবে। রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না। সংরক্ষিত নারী আসনের বিষয়ে মো. নূরুল ইসলাম মনি জানান, বিএনপি নেতৃত্বাধীন জোট সম্ভাব্য ৩৬টি আসন পেতে পারে, যা জোটভুক্ত দলগুলোর মধ্যে আনুপাতিক হারে বণ্টন করা হবে।

সংবিধান অনুযায়ী সংসদ সদস্য হওয়ার যোগ্যতা, সংসদে কার্যকর অংশগ্রহণের সক্ষমতা এবং গত ১৭ বছরের আন্দোলন ও সংগ্রামে পরীক্ষিত নেত্রীদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। সমাজের সকল স্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হচ্ছে। তবে চূড়ান্ত মনোনয়নের সিদ্ধান্ত দলীয় প্রধানের ওপর নির্ভর করবে।

এস এম/ ৮ এপ্রিল ২০২৬



Scroll to Top