সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ | চ্যানেল আই অনলাইন

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ | চ্যানেল আই অনলাইন

দীর্ঘদিনের প্রচলিত ধারা থেকে সরে এসে নতুন সরকারের শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতোমধ্যে সেখানে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের সম্ভাব্য আয়োজন ঘিরে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় যৌথভাবে কাজ করছে। অনুষ্ঠান উপলক্ষে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা জোরদার এবং প্রোটোকল সংক্রান্ত বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার রাতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে জানান, সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং বিকেলে নতুন সরকারের শপথ অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

সাধারণত শপথ অনুষ্ঠান বঙ্গভবনে অনুষ্ঠিত হলেও এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ আয়োজনকে রাজনৈতিক বিশ্লেষকরা প্রতীকী ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল সরকার গঠনের প্রস্তুতি শেষ করেছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে নতুন সংসদের কার্যক্রম শুরু হবে। এরপর মন্ত্রিসভার সদস্যদের শপথের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের কার্যক্রম শুরু হবে।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে। আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানা গেছে।

Scroll to Top