সংসদ ভবন ও আশপাশের সড়কে যান চলাচলে বিশেষ নির্দেশনা | চ্যানেল আই অনলাইন

সংসদ ভবন ও আশপাশের সড়কে যান চলাচলে বিশেষ নির্দেশনা | চ্যানেল আই অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কারণে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর সংসদ ভবন ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বুধবার (১১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিবেশন চলাকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের যাতায়াত থাকবে। ফলে উড়োজাহাজ মোড়, খেজুরবাগান, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হবে।

যানজট এড়াতে ট্রাফিক বিভাগ সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত নির্দিষ্ট কিছু সড়কে ডাইভারশন কার্যকর করবে। এর মধ্যে প্রধান ডাইভারশন ও বিকল্প রুটগুলো হলো—

ইন্দিরা রোড-বেগম রোকেয়া সরণি

ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণিতে যেতে চাইলে ডানে মোড় নেওয়া যাবে না; বরং সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে যেতে হবে।

মানিক মিয়া এভিনিউ-বেগম রোকেয়া সরণি

মানিক মিয়া এভিনিউ থেকে খেজুরবাগান হয়ে বেগম রোকেয়া সরণিতে যাওয়া যানবাহন বাঁ দিকে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে যেতে হবে।

এছাড়া উড়োজাহাজ মোড় থেকে খেজুরবাগান পর্যন্ত সড়কের উভয় পাশে দক্ষিণমুখী একমুখী যান চলাচল চালু থাকবে।

ডিএমপি নগরবাসীকে অনুরোধ করেছে, নির্ধারিত সময়ে এই নির্দেশনা মেনে চলুন এবং যানজট এড়াতে সহযোগিতা করুন।

Scroll to Top