
রংপুর, ৭ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে এসে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রংপুর-৩ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ও হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধি আনোয়ারা ইসলাম রানী। শনিবার সন্ধ্যায় রংপুর নগরীর নূরপুরে ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
হিজড়া জনগোষ্ঠীসহ সকল সুবিধাবঞ্চিত মানুষের জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবিতে তিনি প্রার্থিতা প্রত্যাহারের এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। সংবাদ সম্মেলনে আনোয়ারা ইসলাম রানী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসেনি এবং রাষ্ট্রীয় কাঠামোগত সীমাবদ্ধতার কারণে তাদের মৌলিক অধিকার নিশ্চিত হচ্ছে না। তিনি তার নির্বাচনী প্রতীক হরিণ মার্কায় ভোট না দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান এবং এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কোনো প্রকার উত্তেজনা বা সংঘাত এড়ানোর অনুরোধ করেন।
রানী উল্লেখ করেন, ১৯৭৩ সালে নারীদের জন্য ১৫টি সংরক্ষিত আসন থাকলেও বর্তমানে তা ৫০টিতে উন্নীত হয়েছে, অথচ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কোনো আসন বরাদ্দ নেই। তিনি এই ঘটনাকে নির্বাচন থেকে সরে যাওয়া হিসেবে নয় বরং বৈষম্যের বিরুদ্ধে একটি নীতিগত ও শান্তিপূর্ণ অবস্থান হিসেবে অভিহিত করেন। আনোয়ারা ইসলাম রানী এর আগে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ২৩ হাজার ভোট পেয়ে চমক সৃষ্টি করেছিলেন। প্রসঙ্গত, রংপুর সদর ও সিটি করপোরেশনের ১০ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর-৩ আসনে মোট ভোটার ৫ লাখ ৮ হাজার ২৪০ জন।
এসএএস/ ৭ ফেব্রুয়ারি ২০২৬





