রোবায়েত ফেরদৌস আরও বলেন, ‘আমরা নির্বাচন এলে প্রার্থীদের লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিয়ে কথা বলি। কিন্তু ভোটারদের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বলি না। এ দেশের সব ভোটার কি নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন? যেমন এখানে যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁরা নিরাপদে ভোট দিতে পারবেন, তার নিশ্চয়তা তো নেই।’
রোবায়োত ফেরদৌস বলেন, ‘আসন্ন নির্বাচনে সব নাগরিক যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা সরকারকে নিশ্চিত করতে হবে। অন্যদিকে এখানে যেসব জায়গায় বাড়িঘর পোড়ানো হয়েছে, তাঁদের ক্ষতিপূরণের একটা অ্যাসেসমেন্ট করতে হবে। আমরা ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য সরকারকে আহ্বান জানাই। একই সঙ্গে এই সংখ্যালঘুরা যেন নিরাপদে থাকতে পারে, তার জন্য আতঙ্ক দূর করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন ‘নাগরিক উদ্যোগ’–এর প্রধান নির্বাহী জাকির হোসেন, কবি হাফিজ রশিদ খান, মানবাধিকারকর্মী দীপায়ন খীসা, বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের আন্তর্জাতিক–বিষয়ক সম্পাদক সতেজ চাকমা, ব্লাস্ট চট্টগ্রাম ইউনিটের আইনজীবী তাসনিয়া আল সুলতানা, আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুসন্ধান কর্মকর্তা তাওহীদ আহমেদ ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক প্রিয় জ্যোতি চাকমা। পরিদর্শনের সময় রাউজান পৌরসভা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সদীপ দে, সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী উপস্থিত ছিলেন।



