শ্রীলঙ্কাকে হারিয়ে তিনে তিন বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

শ্রীলঙ্কাকে হারিয়ে তিনে তিন বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ছেলেদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। দ্বীপদেশটিকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের যুবারা। একটি করে গোল এনেছেন ইকরামুল ইসলাম ও মানিক। জয়ে ‘এ’ গ্রুপে চীনকে সরিয়ে শীর্ষে উঠেছে নাজমুল হুদা ফয়সালের দল।

চীনের টংলিয়াংলং স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুর দিকেই গোল আদায় করে নেয় বাংলাদেশ। ২৪ মিনিটে প্রথম গোলে লিড এনে দেন ইকরামুল ইসলাম। পাঁচ মিনিট পর গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা ব্যবধান বাড়ায়।

ম্যাচের ২৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন প্রথম দুই ম্যাচেও গোল পাওয়া মো. মানিক। ২-০তে এগিয়ে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। শ্রীলঙ্কা পরে আর ম্যাচে ফিরতে পারেনি।

বিরতির পর দুদলের কেউই অবশ্য জালের দেখা পায়নি। প্রথমার্ধের ২ গোলে জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ৩ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে লাল-সবুজের যুবারা, ২ ম্যাচে দুই জয়ে দুইয়ে স্বাগতিক চীন।

গত শনিবার পূর্ব তিমুরকে ৫-০ গোলে হারিয়ে বাছাইয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। জোড়া গোল করেছিলেন মানিক। বাকি তিন গোল ছিল রিফাত কাজী, বায়েজিত বোস্তামি ও আকাশ আহমেদের।

দ্বিতীয় ম্যাচে ব্রুনাইকে আরও বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ, ৮-০ ছিল। জোড়া গোল করেছিলেন অপু রহমান ও রিফাত কাজি। একবার করে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিলেন নাজমুল হুদা ফয়সাল, মানিক, আরিফ এবং বায়েজিত বোস্তামি।

Scroll to Top