
কলম্বো, ২৮ এপ্রিল – শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে দীর্ঘদিনের অস্থিরতার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি শাম্মি সিলভা এবং তার নির্বাহী কমিটির সদস্যরা। দেশটির বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের পক্ষ থেকে প্রশাসনে পরিবর্তনের আহ্বানের প্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার প্রায় তিন ঘণ্টা স্থায়ী এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর শাম্মি সিলভা ও তার কমিটি সম্মিলিতভাবে পদত্যাগের বিষয়ে একমত হন।
বুধবার দেশটির ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগের কাছে আনুষ্ঠানিকভাবে তারা পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে। তবে পদত্যাগের পর পরবর্তী পরিকল্পনা কী হতে পারে তা নিয়ে কমিটির সদস্যরা এখনই কোনো মন্তব্য করেননি।
গত সপ্তাহেই প্রেসিডেন্ট দিশানায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন শাম্মি সিলভা। জাতীয় দলের টানা ব্যর্থতা এবং খেলোয়াড়দের পক্ষ থেকে আসা বিভিন্ন অভিযোগের কারণে চলতি বছরের মার্চের শুরু থেকেই শাম্মি সিলভাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল দেশটির সরকার। এর আগেও ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে শ্রীলঙ্কা বড় ধরনের সংকটে পড়েছিল।
২০২৩ সালের ডিসেম্বরে তৎকালীন ক্রীড়ামন্ত্রী শাম্মি সিলভাকে বরখাস্ত করলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দেশটির সদস্যপদ স্থগিত করে দেয়। পরবর্তীতে আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি পুনরায় দায়িত্ব ফিরে পান।
বর্তমানে প্রেসিডেন্টের সরাসরি হস্তক্ষেপে এই পদত্যাগের ঘটনায় আইসিসি কী ধরনের অবস্থান নেয় তা নিয়ে উদ্বেগ কাজ করছে।
এদিকে শ্রীলঙ্কা ক্রিকেটের দায়িত্ব নেওয়ার জন্য সরকার ইতিমধ্যে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছে এবং শিগগিরই নতুন প্রশাসনের ঘোষণা আসতে পারে।
এনএন/ ২৮ এপ্রিল ২০২৬






