শেষ হলো পাথরে আঁকা নারীজীবনের উপাখ্যান

শেষ হলো পাথরে আঁকা নারীজীবনের উপাখ্যান

রাজধানীর হাজারীবাগে অবস্থিত দাগি আর্ট গ্যারেজে মঙ্গলবার থেকে শেষ হলো ‘শি ইন স্টোন’ শীর্ষক শিল্পী অনিন্দিতা অনির প্রথম একক শিল্পকর্ম প্রদর্শনী। ১৯ জুন থেকে শুরু হয়েছিল পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনী।

অনিন্দিতা অনি বিভিন্ন আকার ও আকৃতির পাথরের ওপর অ্যাক্রিলিকের মাধ্যমে নারীর জীবনের বিভিন্ন পর্যায়, অনুভূতি, শক্তি, সংগ্রাম, সৌন্দর্য ও আত্মপরিচয়ের বহুমাত্রিক প্রকাশ ঘটিয়েছেন। প্রচলিত ক্যানভাসের বাইরে গিয়ে পাথরের মতো প্রাকৃতিক উপকরণকে শিল্পকর্মের মাধ্যম হিসেবে ব্যবহার করার এই প্রয়াস দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।

মঙ্গলবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় চারুকলা পুরস্কারপ্রাপ্ত শিল্পী সাবিরা শাহিনুর ও শিল্পী শাহিনুর রহমান। তাঁরা প্রদর্শনীর শিল্পভাবনা ও উপস্থাপনার প্রশংসা করেন। প্রদর্শনীটির কাজগুলোকে নারীজীবনের অভিজ্ঞতা ও অস্তিত্বের এক অনন্য শিল্প-উপাখ্যান হিসেবে অভিহিত করেন।

সমাপনী অনুষ্ঠানে শিল্পী অনিন্দিতা অনি বলেন, এটি তাঁর প্রথম একক শিল্পকর্ম প্রদর্শনী। তিনি পাথরের মতো দৃঢ় ও সময়ের সাক্ষী একটি মাধ্যমের ওপর নারীর গল্পগুলো তুলে ধরতে চেয়েছেন। দর্শকদের ইতিবাচক সাড়া তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এবং নতুন শিল্প-ভাবনাকে সঙ্গে নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে।

Scroll to Top