শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা | চ্যানেল আই অনলাইন

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা | চ্যানেল আই অনলাইন

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে শিশু সুরক্ষা-সংক্রান্ত একটি মামলায় আরও ৫৬৭ মিলিয়ন (৫৬ কোটি ৭০ লাখ) মার্কিন ডলার জরিমানা পরিশোধের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের এক বিচারক। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৭ হাজার কোটি টাকা।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দেওয়া রায়ে নিউ মেক্সিকোর বিচারক ব্রায়ান বিয়েডশেইড মেটাকে ‘জনদুর্ভোগের’ উৎস হিসেবে উল্লেখ করে এর কার্যক্রমের সঙ্গে বায়ুদূষণের তুলনা করেন। তিনি নির্দেশ দেন, জরিমানার অর্থ ভবিষ্যতে সম্ভাব্য ক্ষতি কমানোর লক্ষ্যে গঠিত একটি বিশেষ তহবিলে জমা দিতে হবে।

মেটা বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মালিকানায় রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং থ্রেডস। এর আগে একই মামলায় মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ দেওয়া হয়েছিল। নতুন রায়ের ফলে প্রতিষ্ঠানটির মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ৯৪২ মিলিয়ন ডলার। রায়ে বিচারক বলেন, মেটা এমন একটি কারখানার মতো, যার পণ্য হলো বিজ্ঞাপন ও কনটেন্ট। আর শিশুদের মানসিক ক্ষতি ও যৌন শোষণ সেই দূষণের মতো, যা অবশ্যই দূর করতে হবে।

রায়ের প্রতিক্রিয়ায় মেটার এক মুখপাত্র বলেন, তারা আদালতের সিদ্ধান্তের সঙ্গে একমত নন এবং এর বিরুদ্ধে আপিল করবেন। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, আমরা আমাদের প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে নিরলসভাবে কাজ করছি। ক্ষতিকর কনটেন্ট শনাক্ত ও অপসারণের চ্যালেঞ্জ সম্পর্কে আমরা সবসময় স্বচ্ছ থেকেছি। অনলাইনে কিশোর-কিশোরীদের সুরক্ষায় আমাদের নেওয়া পদক্ষেপের বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।

এর আগে ৩৭৫ মিলিয়ন ডলারের জরিমানার রায় ঘোষণার পরও একই ধরনের অবস্থান নিয়েছিল মেটা এবং তখনও আপিলের ঘোষণা দিয়েছিল। শিশু সুরক্ষাসংক্রান্ত অভিযোগে মেটার বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়ার ঘটনা এটিই প্রথম। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে একই ধরনের অভিযোগে হাজারো মামলার মুখোমুখি রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

Scroll to Top