
ঢাকা, ২৯ জুলাই – প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, সভায় শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং শিক্ষা নীতি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী এসব কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ, কার্যকর পাঠদান, শিক্ষকদের যুগোপযোগী প্রশিক্ষণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রী মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের অভিজ্ঞতালব্ধ পরামর্শ গুরুত্বের সাথে শোনের। পরিদর্শন শেষে তিনি কর্মকর্তাদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে জনসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
এনএন/ ২৯ জুলাই ২০২৬





