Last Updated:
পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল স্কুল কর্তৃপক্ষ।

হরিহরপাড়া, কৌশিক অধিকারীঃ লাগাতার বর্ষণের জেরে এবার পরীক্ষা বন্ধ মুর্শিদাবাদের একটি স্কুলে। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার লালনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল স্কুল কর্তৃপক্ষ। হুমাইপুর অঞ্চলের লালনগর ফেরিঘাটে নদীজুড়ে কচুরিপানা ঢেকে গিয়েছে। নৌকা চলাচল সম্পূর্ণভাবে বন্ধ। ফলে সাহাপুর, লপাড়া, শিমুলিয়া প্রভৃতি এলাকার ছাত্র-ছাত্রীরা স্কুলে পৌঁছাতে পারছেন না।
শুধু শিক্ষার্থীরাই নয়, বিগত চারদিন ধরে হুমাইপুর, তাজপুর, লালনগর, প্রদীপডাঙ্গা, মহিসমারা-সহ আশপাশের বহু গ্রামের মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। নদীপথে বহরমপুর খুব কাছে হলেও ফেরিঘাট বন্ধ থাকায় এখন তাঁদের প্রায় ২০ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এতে সময় যেমন বাড়ছে, তেমনই বাড়ছে যাতায়াতের খরচও।
লালনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আরদোশা খাতুন বিবি বলেন, “মাঝিদের বিকল্প ব্যবস্থা নিতে বলেছি এবং বিষয়টি ব্লক প্রশাসনকে জানিয়েছি।” লালনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, “কচুরিপানার জন্য ফেরিঘাট বন্ধ, ফলে পরীক্ষার্থীরা স্কুলে আসতে পারছে না। দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা মাঝপথে বন্ধ করতে হয়েছে। আজকেই বিডিওকে লিখিত অভিযোগ জানাচ্ছি।”
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 12, 2025 6:51 PM IST
শিক্ষার পথে বাধা কচুরিপানা! অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ‘এই’ স্কুলের পরীক্ষা, বিডিওর দারস্থ প্রধান শিক্ষক



