ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা আজ সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেছেন। এর আগে জোটের শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যরাও দুটি শপথ নেন।
আজ (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার শপথ অনুষ্ঠানে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। শপথ নেওয়ার পর নবনির্বাচিত সদস্যরা শপথপত্রের নির্ধারিত স্থানে স্বাক্ষর করেন।
বিগত কয়েক ঘণ্টা ধরে শপথ কার্যক্রমে নানা জটিলতা দেখা দিয়েছিল। বিএনপির নবনির্বাচিত সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এনসিপিও শুরুতে বেঁকে বসেছিল। তবে পরে তারা সিদ্ধান্ত নেন, জনগণের ম্যান্ডেট অনুসারে দুই ধরনের শপথই গ্রহণ করবেন।
বিশেষ পরিস্থিতিতে এবার নতুন সংসদের শপথ প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে নেওয়া হয়েছে। আগের সংসদের স্পিকার সাধারণত শপথ করাতেন, কিন্তু জুলাইয়ের অভ্যুত্থানের পর বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রকাশ্যে নেই এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে থাকায় এই প্রক্রিয়া পরিবর্তিত হয়েছে।



